২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোনে গেইম খেলায় ছোট ভাইকে গলাকেটে খুন

স্থানীয় লোকজন নাবিলকে আটক করে থানায় খবর দেয়।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2024, 02:34 PM

Updated : 26 Aug 2026, 10:45 AM

বগুড়ার গাবতলীতে মোবাইলে গেইম খেলা নিয়ে এক শিশুকে তার ভাই গলাকেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। 

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে গাবতলী উপজেলার নারুয়ামালা এলাকায় এ ঘটনা ঘটে বলে গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল জানান।

নিহত মোবাস্বীর হোসেন (১২) ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং গাবতলী আইডিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।

এ ঘটনায় অভিযোগের মুখে থাকা তার জেঠাতো বড় ভাই নাবিল হোসেন (১৮) সেলিম হোসেনের ছেলে। মোবাস্বীর সম্পর্কে তার চাচাত ভাই। স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

স্থানীয়রা জানান, মোবাস্বীর নাবিলের মোবাইল ফোন নিয়ে খেলা করছিল। এতে রেগে গিয়ে নাবিল ধারালো একটি বার্মিজ চাকু দিয়ে মোবাস্বীরকে গলাকেটে হত্যা করে। ঘটনাটি বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন নাবিলকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি আশিক ইকবাল বলেন, হত্যার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।