২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা-বাবা ও মেয়ের

সার্ভিস লাইনের তারে ত্রুটি থাকায় বৃষ্টিতে ওয়াশরুমের টিনের চাল বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানায় বিদ্যুৎ বিভাগ।

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা-বাবা ও মেয়ের
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে বিদ্যুৎস্পৃষ্টে নিহত তিনজনের মৃতদেহ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2024, 10:54 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

কুষ্টিয়া সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মা ও মেয়ে প্রাণ গেছে; এ ঘটনায় আহত হয়েছে এক কিশোর।

বুধবার বিকালে শহরের হাউজিং বি ব্লকের ৩৯৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে বলে জানান পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী।

নিহতরা হলেন- সালাম (৪০), তার স্ত্রী রুপা খাতুন (৩৫) এবং তাদের মেয়ে সাবা খাতুন (১৩)। আহত সিয়াম (৯) সালামের ভাইয়ের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে থেকে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে ঘরের বৈদ্যুতিক বোর্ড বিদ্যুতায়িত হয়েছিল। বেলা সাড়ে ৩টার দিকে নিজ ঘরে ঝাড়ু দেওয়ার সময় রুপা খাতুন

বিদ্যুতায়িত হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে গিয়ে সালামও বিদ্যুতায়িত হন। 

বাবা-মাকে বাঁচাতে গিয়ে তাদের মেয়ে সাবা বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলের পাশে থাকা সিয়াম দৌড়ে গিয়ে সাবার শরীরে হাত দিলে সে ছিটকে পড়ে যায়।

প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নিলে কর্তব্যরত চিকিৎসক রুপা খাতুন, সালাম ও সাবাকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় সিয়ামকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রুপা খাতুনের ভাই সাইদুল ইসলাম বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমার বোন, দুলাভাই ও ভাগ্নির মৃত্যু হয়েছে। জেলখানা মোড়ে দুলাভাইয়ের ফটোকপির দোকান রয়েছে। ভাগ্নি সাবা হাউজিং প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করত।”

সার্ভিস লাইনের তারে ত্রুটি থাকায় বৃষ্টির পানিতে ওয়াশরুমের টিনের চাল বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী।

কুষ্টিয়া মডেল থানার ওসি মাহফুজুর রহমান চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত তিনজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।