২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল তত্ত্বাবধায়কের ওপর চড়াও ‘বৈষম্যের শিকার’ মেডিকেল অফিসার

“হাসপাতালে তত্ত্বাবধায়ক ও একজন কনসালটেন্টের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে; এটা তাদের ঘরোয়া ব্যাপার,” বলেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি।

হাসপাতাল তত্ত্বাবধায়কের ওপর চড়াও ‘বৈষম্যের শিকার’ মেডিকেল অফিসার
খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা সেখানে যান।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2025, 06:24 PM

Updated : 10 Sep 2026, 12:40 PM

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে ঢুকে টেবিলে থাকা ল্যাপটপ ভাঙচুরসহ তত্ত্বাবধায়কের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে এক মেডিকেল অফিসারের বিরুদ্ধে।

শনিবার দুপুরে দুই রেডিওলোজিস্টকে ভাগাভাগি করে দেওয়া রোগীর সংখ্যা কম-বেশি নিয়ে কথা বলার সময় ওই মেডিকেল অফিসার এ ঘটনা ঘটিয়েছেন বলে দাবি তত্ত্বাবধায়ক মাসুদ পারভেজের।

যদিও মেডিকেল অফিসার আহসান হাবিবের দাবি, নানাভাবে বৈষম্যের শিকার হয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়েছেন তিনি।  

তত্ত্বাবধায়ক মাসুদ পারভেজ বলেন, হাসপাতালে দুইজন রেডিওলোজিস্ট রয়েছেন। প্রতিদিনই হাসপাতালে আসা রোগী ভাগাভাগি করে দেওয়া হয় তাদের দুজনকে। এসব বিষয় নিয়ে তার কক্ষে কথা বলতে এসে আহসান হাবিব উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে ল্যাপটপ ভাঙচুরসহ তাকে আঘাত করতে আসেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেবেন বলেও জানান মাসুদ পারভেজ।

তবে আহসান হাবিবেব দাবি, হাসপাতালে তিন বছরের বেশি কর্মকালে তিনি কর্মরত। পদোন্নতির পরও তাকে আলাদা চেম্বার দেওয়া হয়নি। এমনকি তার নামফলক পর্যন্ত নেই। এসব বিষয় নিয়েই হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন তিনি।

এ ব্যাপারে সদর থানার ওসি মতিউর রহমান বলেন, “হাসপাতালে চিকিৎসা নিয়ে তত্ত্বাবধায়ক ও একজন কনসালটেন্টের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এটা হাসপাতালের ঘরোয়া ব্যাপার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় নিরাপত্তা নিশ্চিত করতে। তবে এ বিষয় নিয়ে কোনো পক্ষই থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”