২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় মহাসড়কে বিদ্যুতের খুঁটি ফেলে ডাকাতি

এ সময় কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2024, 01:29 PM

Updated : 26 Aug 2026, 10:27 AM

চুয়াডাঙ্গার জীবননগরের সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে বিদ্যুতের খুঁটি ফেলে রেখে ব্যারিকেড সৃষ্টি করে ডাকাতি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার রাতে সংঘবদ্ধ ডাকাতরা এই সড়কে চলাচলকারী কয়েকটি গাড়ি ও পথচারীকে থামিয়ে নগদ টাকা লুট করে। এ সময় কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। 

তবে জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, “ওখানে ব্যারিকেড দিয়ে একটি ছিনতাই ঘটনা ঘটেছে। তারা দুজনের কাছ থেকে ৩০ ও ১৫ হাজার করে মোট ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে আমরা জানতে পেরেছি।”

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সড়কের কনটেক মিলের কাছাকাছি স্থানে বিদ্যুতের খুঁটি ফেলে রেখে ব্যারিকেড সৃষ্টি করে ১৫-১৬ জনের ডাকাত দল। তাদের বেশিরভাগই হাফপ্যান্ট ও লুঙ্গি পরিহিত অবস্থায় ছিল।

ডাকাত দলটি ভীতি সৃষ্টি করার লক্ষে বেশ কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। আহতদের কয়েকজন পরে জীবননগরস্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। 

ডাকাতদলের অস্ত্রের আঘাতে আহত ট্রাক চালক আব্দুল ওয়াহেদ বলেন, ওই পথে ট্রাক চালিয়ে যাওয়ার সময় আমি ডাকাতদলের কবলে পড়ি। ডাকাতরা মুখোশ পরিহিত অবস্থায় ছিল। 

“তারা আমার পিঠে রামদা দিয়ে কোপ মারে। পরে আমার কাছে থাকা ১৫ হাজার টাকা ডাকাতরা ছিনিয়ে নেয়।”

ওসি এস এম জাবীদ হাসান বলেন, আহতদের মধ্যে দুজন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকি কয়েকজন সাধারণ আহত হয়েছেন। 

ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।