নোয়াখালীতে আদালত ভবন থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা আসামির
তিনি বছর আগে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেপ্তারের পর থেকে ওই আসামি কারাগারে আছেন।
নোয়াখালীতে আদালত ভবনের দোতলা থেকে হাতকড়াসহ লাফ দিয়ে পালানোর চেষ্টা করেছেন হত্যা মামলার এক আসামি। তবে তাৎক্ষণিক তাকে ধরে ফেলে পুলিশ।
মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ শুনানি শেষে পুলিশ পাহারায় বেরিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানান আদালতের পরিদর্শক শহীদুল ইসলাম।
পালানোর চেষ্টা করা আসামি শাহাদাত হোসেন চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ২০২২ সালে শাহাদাত তার পাঁচ বছর বয়সি চাচাতো বোনকে ধর্ষণের পর হত্যা করে লাশ বস্তায় ভরে ফেলে দেন। এ ঘটনায় চাটখিল থানায় মামলার পর তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।
মঙ্গলবার সকালে শাহাদাতকে জেলা কারাগার থেকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালতে হাজির করা হয়। দুপুর সোয়া ১২টার দিকে হাজিরা শেষে তাকে আদালতের হাজত খানায় নিয়ে যাচ্ছিলেন পুলিশ সদস্যরা।
এ সময় শাহাদাত আদালতের দোতলা ভবন থেকে হাতকড়াসহ লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে আশপাশের লোকজনের সহায়তায় আদালত ভবনের ফটক থেকে তাকে আটক করে পুলিশ।
পরিদর্শক শহীদুল ইসলাম বলেন, মামলার শুনানি শেষে হাজতে নেওয়ার পথে আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঘটনার পরপর পুলিশ তাকে ধাওয়া দিয়ে আটক করে।
