বরগুনার সাবেক এমপি হিরুর ওপর হামলা
১৯৯৬ সালে বরগুনা-২ আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
বরগুনার-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সারওয়ার হিরুর ওপর হামলার ঘটনা ঘটেছে।
সোমবার বেলা ৩টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে তার বাসার সামনে এ ঘটনা ঘটে বলে জানান পাথরঘাটা থানার এসআই জাহাঙ্গীর হোসেন।
আহত গোলাম সরোয়ার হিরু বলেন, “আমি পাথরঘাটা বাজারে যাওয়ার সময় তিন থেকে চারজন লোক এসে আমাকে লোহার পাইপ দিয়ে এলোপাথাড়ি মারধর করে পালিয়ে যায়।
“এতে আমার শরীরের বিভিন্ন অংশ জখম হয়। নিরাপত্তার স্বার্থে বাসায় চিকিৎসক ডেকে নিয়ে সেবা নিচ্ছি।”
নাম প্রকাশ না করা শর্তে ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, দুপুরের খাবার খেয়ে হিরু বাসা থেকে বাজারে যাওয়ার উদ্দেশে বের হন। এ সময় বাসার সামনেই তার ওপর হামলা চালানো হয়।
“এতে তার শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত হয়। এ সময় ঘটনাস্থলের পাশ দিয়ে জামায়াতের একটি প্রচার মিছিল যাচ্ছিল। সেখান থেকে কয়েকজন হিরুকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেয়।”
এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেওয়া হয়। এ ছাড়া দায়িত্বরত নৌবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গোলাম সরোয়ার হিরু ১৯৯৬ সালে বরগুনা-২ আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বিএনপি, আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত ছিলেন।
২০১৩ সালে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে উপনির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন হিরু। ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়ন চাইলে আবার আলোচনায় আসেন হিরু। রাজনীতিতে দল পরিবর্তন ও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বেশ পরিচিত তিনি।
