পিরোজপুরে রাতে নিখোঁজ ওঝার লাশ মিলল সকালে
নির্মল হালদার এলাকায় নির্মল ওঝা নামে পরিচিত ছিলেন।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নিখোঁজ এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নির্মল হালদার (৬০) উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের পশ্চিম কুড়িয়ানা গ্রামের বিপিন হালদারের ছেলে। তিনি এলাকায় নির্মল ওঝা নামে পরিচিত ছিলেন।
মঙ্গলবার সকালে উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের পানাউল্লাহপুর গ্রামের শিক্ষক মো. শাহ আলমের পরিত্যক্ত ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার জানান।
নিহত নির্মল হালদারের ভাগিনা দিলীপ হালদার বলেন, সোমবার রাত ১১টার দিকে তার মামা নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে রাতেই নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। মঙ্গলবার সকালে তার লাশ পাওয়ার খবর আসে।
প্রতিবেশী সমীরণ রায় বলেন, “নির্মল এলাকায় ওঝা হিসেবে পরিচিত ছিলেন। প্রতিদিনের মত সোমবার বিকালে তিনি কুড়িয়ানা বাজারে যান। রাত ৮টার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। মোবাইলে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়।”
নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার বলেন, “তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।”
