২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব বিরোধের জেরে ১৮ ব্ছর আগে খুন, রায়ে ৬ জনের যাবজ্জীবন

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুইজন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2024, 08:27 PM

Updated : 10 Sep 2026, 12:22 PM

সিলেটের বালাগঞ্জ উপজেলায় ফখরুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন এবং একজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মো. জালাল উদ্দিন জানান।

যাবজ্জীবন প্রাপ্তরা হলেন-সিলেটের বালাগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের গনু মিয়ার ছেলে মাহমদ আলী ওরফে কাছা (৪৫), একই এলাকার তৌফিক মিয়ার ছেলে ছাবের আহমদ (২৪), তার ভাই জুবের আহমদ (২৬), রফিক মিয়ার ছেলে আফিক মিয়া (৩০), আখলিছের ছেলে সুহেল ও লালা মিয়ার ছেলে শামীম চৌধুরী (৩৫)।

এক বছরের দণ্ড পেয়েছেন ইন্তাজ (৪০)। তিনি একই গ্রামের গণির ছেলে।

রায় ঘোষণার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুইজন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মো. জালাল উদ্দিন জানান।

অপরাধ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে খালাস পেয়েছেন পাঁচজন। তারা হলেন-জামালপুর গ্রামের মনির আলীর ছেলে শাহিদ আলী, রফিক মিয়ার ছেলে মাফিক (২৬), আব্দুল হামিদের ছেলে কাইয়ুম (২২), সালেহ আহমদের স্ত্রী আমারজান বিবি (২২) ও রইছ আলীর ছেলে তজম্মুল আলী (৪০)।

মামলার বিবরণে বলা হয়, ২০০৬ সালের ১২ মে দুপুরে জামালপুর গ্রামের ইউছুফ আলীর ছেলে ফখরুল ইসলাম জুমার নামাজ আদায়ের জন্য বাসা থেকে বের হন। মসজিদে যাওয়ার পথে আসামিরা পূর্ব শক্রতা ও মামলা-মোকদ্দমার জেরে পরিকল্পিতভাবে ফখরুলের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তিনি আত্মরক্ষায় দৌঁড়ে খাইশাপাড়া মাদ্রাসার সামনে গেলে তাকে ঘেরাও করে দেশীয় অস্ত্র দিয়ে আসামিরা কোপাতে থাকেন।

এক পর্যায়ে ফখরুল মাটিতে লুটিয়ে পড়লে আসামিরা তাকে কুপিয়ে গুরুতর আহত করেন। এ সময় তার চিৎকারে আব্দুল নুর নামে এক ব্যক্তি ও বোন দিলারা বেগম এগিয়ে গেলে আসামিরা তাদেরও মারধর করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফখরুলকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় নিহতের ভাই সিরাজুল ইসলাম উরফে সিরাতুল বাদী হয়ে ১৪ জনকে আসামি করে বালাগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

এপিপি জালাল উদ্দিন বলেন, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা করে জরিমানাও দিয়েছেন বিচারক। অনাদায়ে তাদের আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আর এক বছরের দণ্ডপ্রাপ্তকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আনাদায়ে তাকে বিনাশ্রমে কারাদণ্ড ভোগ করতে হবে তিন মাস।

মামলা চলাকালে একই এলাকার জোয়াদ উল্লার ছেলে আখলিছ (৪৫) ও সিরাজ আলীর ছেলে মনির আলী (৩৫) মারা যান বলে জানান তিনি।