Published : 26 May 2026, 09:36 PM
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৮টার দিকে চিটাগাং রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তি মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।
গ্রেপ্তার আব্দুল্লাহ হীল বাকি (২৩) ভারতের ত্রিপুরা রাজ্যের সেপাহিজালা থানার কালশিমুড়ার বৈশকালা গ্রামের আবদুল কাশেমের ছেলে।
র্যাব জানায়, আব্দুল্লাহ হীল বাকি প্রায় সময় ভারত থেকে ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে কুমিল্লার বুড়িচং থানার শংকুচাইল এলাকায় অবস্থান করে মাদক ব্যবসা করেন। তিনি নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের জেলায় মাদক বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছেন।
বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।