সাবেক মন্ত্রী নুরুজ্জামানের ভাই হত্যা মামলায় গ্রেপ্তার
ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মুন্না নিহত হন। ভুট্টু ওই মামলার ১৬ নম্বর আসামি।
রংপুরে ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামছুজ্জামান আহমেদ ভুট্টুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার সকালে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমিরুল ইসলাম জানান, আগের সন্ধ্যায় কালীগঞ্জ বাজার থেকে ভুট্টুকে গ্রেপ্তার করেন তারা।
৫৫ বছর বয়সী ভুট্টু কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামের বাসিন্দা।
ওসি আমিরুল বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষে ৪ অগাস্ট ছাত্রলীগের কাউনিয়া শাখার সাবেক উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান মুন্নাসহ চার আওয়ামী লীগ নেতা নিহত হন। তাদের মধ্যে মাহমুদুল কাউনিয়া উপজেলার বরুয়াহাট এলাকার আব্দুল মজিদের ছেলে ছিলেন।
পরে ওই ঘটনায় ২৯ অগাস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে ১২৮ জনকে আসামি করে আব্দুল মজিদ বাদী হয়ে মামলা করেন। ওই মামলার ১৬ নম্বর আসামি শামসুজ্জামান আহমেদ ভুট্টু।
মামলা দায়েরের পর থেকে ভুট্টু আত্মগোপনে ছিলেন জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, গোপন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
