২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে গলায় গামছা প্যাঁচানো ভ্যান চালকের লাশ পড়েছিল কলা বাগানে

তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2025, 05:06 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

রাজশাহীর পুঠিয়া উপজেলায় গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছে; যাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

বুধবার সকালে উপজেলার কান্দ্রা এলাকার একটি কলা বাগান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুঠিয়া থানার ওসি কবির হোসেন।

নিহত মো. সোহেল (২৪) উপজেলার জরমডাঙ্গা গ্রামের লিলতাব হোসেনের ছেলে। 

পুলিশ ও স্বজনরা জানান, মঙ্গলবার সোহেল সারাদিন ভ্যান চালিয়েছেন। বিকালে বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি আবার বাজারে যান। রাত সাড়ে ৯টার দিকে স্বজনরা ফোন করলে সোহেলের নম্বর বন্ধ পায়। এরপর আর বাড়ি ফেরেননি তিনি।

ওসি কবির হোসেন বলেন, সকালে স্থানীয়রা কলা বাগানে লাশ দেখে থানায় খবর দেয়। পরে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত সোহেলের গলায় গামছা প্যাঁচানো ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে বলে জানান তিনি।

ওসি বলেন, পরিবারের পক্ষ থেকেও মামলা করার প্রস্তুতি চলছে। পুলিশ হত্যার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছে। এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা দেখা দিয়েছে।