২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে রঙের কাজ নিয়ে কথা-কাটাকাটি, মামাতো ভাইকে কুপিয়ে হত্যা

কাজ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

কক্সবাজারে রঙের কাজ নিয়ে কথা-কাটাকাটি, মামাতো ভাইকে কুপিয়ে হত্যা
নিহত সরওয়ার।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2025, 05:54 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

কক্সবাজার শহরের রঙের কাজ নিয়ে কথা-কাটাকাটি এক পর্যায় মামাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ১২ নম্বর ওয়ার্ডের লাইট হাউজ পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান।

নিহত সরওয়ার (২৪) ওই এলাকার সাবেক বিজিবি সদস্য আবু কামালের ছেলে। সরওয়ারের ফুফাতো ভাই রায়হান (২৪) একই এলাকার আতিকুর রহমানের ছেলে। তারা পেশায় রঙ মিস্ত্রি এবং একসঙ্গে কাজ করতেন।

সরওয়ারের চাচা আবু কায়েম বলেন, “দুপুরে রঙের কাজ নিয়ে সরওয়ার ও রায়হানের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে রায়হান ক্ষিপ্ত হয়ে কাচের টুকরো দিয়ে সরওয়ারের বুকে আঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

তিনি বলেন, “আমার ভাইয়ের একমাত্র সন্তানকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

ওসি ইলিয়াস খান বলেন, “সরওয়ারের মৃতদেহের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। রায়হানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

কাজ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।