Published : 25 Jan 2026, 01:40 PM
বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে এক অফিস সহকারীকে ‘হত্যার হুমকি’ দেওয়া এক যুবককে পুলিশ আটক করেছে।
রোববার সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কার্যালয়ের গোপনীয় শাখার অফিস সহকারী জহিরুল ইসলাম।
আটক ৩০ বছর বয়সী ইব্রাহিম বরগুনা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বাশবুনিয়া গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে।
জহিরুল বলেন, “সকাল সাড়ে ৯টা থেকে এই লোকটা অফিসের সামনে ঘোরাঘুরি করছিল এবং বারবার জেলা প্রশাসক স্যারের কথা জিজ্ঞাসা করছিল। ১০টায় যখন অফিস খুললাম, তখন সে আমাকে ধাক্কা দিয়ে অফিসের মধ্যে ঢুকে পড়ে। এরপরে দৌড়ে গিয়ে জেলা প্রশাসক মহোদয়ের অফিস কক্ষে ঢোকে।
“সেখানে তাকে না পেয়ে আবার আমাদের অফিসের সামনে আসে। তখন আমি তার কোমরে হাত দিয়ে দেখি একটি টিউবওয়েল খোলার রেঞ্জ (পাইপ রেঞ্জ) সেটা তার কোমর থেকে নিয়ে নেই। তখন সে আমার হাত থেকে রেঞ্জটি জোর করে ছিনিয়ে নিয়ে আমার ওপরে আঘাত করে। তাকে থামাতে গেলে আমার হাত ফেটে যায়।”
তিনি বলেন, “পরে সবার সহযোগিতায় তাকে আমরা ইব্রাহিমকে ধরে ফেলি। পরে থানায় জানালে পুলিশ এসে তাকে নিয়ে যায়। পুলিশ যখন তাকে নিয়ে যাচ্ছিল, তখন সে বার বার বলছে আমি জেল থেকে বের হয়ে তোকে মেরে ফেলবো।”
বরগুনা জেলা প্রশাসনের সহকারী জেলা প্রশাসক (এডিসি জেনারেল) অনিমেষ বিশ্বাস বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। ইব্রাহিম নামের ওই যুবককে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে এবং পুলিশ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
বরগুনা সদর থানার ওসি মো. আব্দুল আলীম বলেন, আটক ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।