কুড়িগ্রামে মৌমাছির কামড়ে জামায়াতের ৩ নেতাকর্মী আহত
মোটরসাইকেলে করে উপজেলা জামায়াতে ইসলামীর কর্মসূচিতে যাওয়ার পথে তারা মৌমাছির আক্রমণের শিকার হন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী নাজমুল।
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কর্মসূচিতে যাওয়ার পথে মৌমাছির কামড়ে জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মী আহত হয়েছেন।
সোমবার বিকালে উপজেলার বজরা ইউনিয়নের বীররহিম গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদ।
আহতরা হলেন- বজরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি সামিউল ইসলাম (৩৫), দলের ওলামা শাখার নেতা ফিরোজ হোসেন (৩৭) এবং কর্মী তোজাম্মেল মিয়া (৪৭)। তারা সবাই মধ্য বজরা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী নাজমুল ইসলাম বলেন, তারা মোটরসাইকেলে করে উপজেলা জামায়াতে ইসলামীর কর্মসূচিতে যাওয়ার পথে মৌমাছির আক্রমণের শিকার হন। এ সময় তারা পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়ে আগুন জ্বালিয়ে মৌমাছি তাড়ানোর চেষ্টা করেন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা শঙ্কামুক্ত রয়েছেন।
