১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় গাছের ডালে ধাক্কা, পড়ে কিশোরের মৃত্যু

‘ভাটিয়াপাড়া এক্সপ্রেস’ ট্রেনের ছাদে উঠে দৌড়াদৌড়ির সময় ফরিদপুরের বোয়ালমারীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ট্রেনের ছাদে ভ্রমণের সময় গাছের ডালে ধাক্কা, পড়ে কিশোরের মৃত্যু
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে নিহত কিশোরের লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2026, 09:45 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রেনের ছাদে ভ্রমণের সময় গাছের ডালের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক কিশোর।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের চতুল উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান।

নিহত জাহিদুল (১৩) উপজেলার ময়না ইউনিয়নের ইছাখালী গ্রামের মিল্টন শেখের ছেলে। 

আহত সাজেদুল একই গ্রামের কাইয়ুম শেখের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তারা গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীগামী ‘ভাটিয়াপাড়া এক্সপ্রেস’ ট্রেনের ছাদে উঠে দৌড়াদৌড়ির সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রেওলয়ে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চতুল উচ্চবিদ্যালয়ের সামনে রেললাইনের পাশের একটি কাঁঠালগাছের ডালের সঙ্গে দুই কিশোরের ধাক্কা লাগে। এতে তারা ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়েন। জাহিদুল ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। আর সাজেদুলকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তমাল কৃষ্ণ রায় বলেন, সাজেদুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রয়েল আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরের মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বোয়ালমারী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনাটি ভাঙ্গা রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে যাচ্ছে। বিষয়টি নিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।