অপারেশন ডেভিল হান্ট: চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের ৫ জন গ্রেপ্তার
জেলার চারটি থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গায় ‘অপারেশন ডেভিল হান্টের’ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে শনিবার জানিয়েছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস।
গ্রেপ্তাররা হলেন- চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আক্তার (৩৯), আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নের যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জল আলী (৩৭), জীবননগর ২ নম্বর আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ওসমান গণি (৫০), দর্শনা পৌর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সম্পাদক বিল্লাল হোসেন (৩২), নবগঠিত নেহালপুর ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি আলি আকবর (৩৭)।
অতিরিক্ত পুলিশ সুপার কনক আরও জানান, আটকদের জেলার চারটি থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এই গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
