Published : 08 Jul 2026, 08:44 PM
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
বুধবার উপজেলার চররমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার।
নিহত সাড়ে তিন বছর বয়সি মায়েশা ওই পাড়ার প্রবাসী মো. রিয়াজের মেয়ে। অন্য নিহত তিন বছর বয়সি মুজাহিদুল ইসলাম একই এলাকার টাইলস মিস্ত্রি মো. মনজুরের ছেলে।
স্বজনরা জানান, মুজাহিদ ও মায়েশা একসঙ্গে খেলছিল। এর মধ্যে অসাবধানতাবশত মুজাহিদ পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে মায়েশাও পানিতে নেমে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাদেরকে উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
ইউপি চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার বলেন, ঘটনাটি দুঃখজনক। একজনকে বাঁচাতে গিয়ে আরেকজন মারা গেছে।
রামগতি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল কর্মকর্তা মাসুদ জাহান বলেন, পানিতে পড়া দুই শিশুকে হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করা হয়।
রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার খবর শুনেছেন তিনি। তবে কেউ বিস্তারিত জানায়নি।