২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

গোপালগঞ্জে ব্যাংকের বুথ লুটের আসামি জাল টাকাসহ গ্রেপ্তার

তাদের কাছ থেকে ২ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট, নগদ ৩ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গোপালগঞ্জে ব্যাংকের বুথ লুটের আসামি জাল টাকাসহ গ্রেপ্তার
গোপালগঞ্জে জাল টাকাসহ দুইজনকে ধরে পুলিশে তুলে দেয় স্থানীয়রা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2024, 04:30 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

গোপালগঞ্জে প্রায় আড়াই লাখ টাকার জাল নোটসহ দুই ‘কারবারি’কে গ্রেপ্তার করেছে পুলিশ। যাদের একজন ডাচ্ বাংলা ব্যাংকের বুথ ভেঙে ১১ কোটি টাকা লুট মামলার প্রধান আসামি।

শুক্রবার রাতে গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের প্রেসক্লাব এবং সদর হাসপাতাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান ।

গ্রেপ্তাররা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামের হিরু শেখের ছেলে মো. হাবিবুর রহমান (৪০) এবং একই গ্রামের ফকিরকান্দি এলাকার নওশের আলী শেখের ছেলে রিপন শেখ বাটু (৩৭)।

এ সময় তাদের কাছ থেকে ২ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট, নগদ ৩ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার ও তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ। 

হাবিবুর রহমান ২০২৩ সালে গাজীপুরের তুরাগ থানা এলাকার ডাচ্ বাংলা ব্যাংকের বুথ ভেঙে ১১ কোটি টাকা লুট মামলার প্রধান আসামি। এছাড়াও তাদের নামে তুরাগ ও গোপালগঞ্জ সদর থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

ওসি সাজেদুর জানান, শুক্রবার রাতে শহরের বঙ্গবন্ধু সড়কের প্রেসক্লাব সংলগ্ন গোপালগঞ্জ টেলিকমের সামনে থেকে মো. হাবিবুর রহমান এবং সদর হাসপাতালের কাছ থেকে রিপন শেখ বাটুকে জাল টাকাসহ আটক করে স্থানীয়রা। 

খবর পেয়ে সদর থানার এসআই বিপ্লব কুমার দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনকে গ্রেপ্তার করে।

এ সময় হাবিবুরের কাছ থেকে ২ লাখ ৪১ হাজার টাকার জাল নোট ও নগদ ৩ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার এবং রিপনের কাছ থেকে ২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

ওই পুলিশ কর্মকর্তা জানান, শনিবার দুপুরে গোপালগঞ্জ সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এ (বি) ধারায় ওই দুই জনকে আসামি করে মামলা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।