Published : 26 Jul 2026, 08:26 PM
কক্সবাজারের রামু উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মোটরসাইকেলে করে মিছিলের একটি ভিডিও ছড়িয়েছে।
ছাত্রলীগের নেতারা দাবি করছেন, রোববার সকালে তারা এই কর্মসূচি পালন করেছেন।
তবে পুলিশ বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি রোববারের নয়; সেটি আগের কোনো সময়ের হতে পারে।
আর ছাত্রদলের নেতারাও বলছেন, মিছিলটি রোববারের।
এ ঘটনাকে কেন্দ্র করে কক্সবাজারের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর একদিন আগে উখিয়ার পালংখালী ইউনিয়নে ছাত্রলীগের কর্মী সমাবেশের খবরও সামনে এসেছে। সেই সমাবেশের প্রতিবাদে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী পার্কসংলগ্ন এলাকা থেকে মোটরসাইকেলে করে মিছিল শুরু হয় বলে দাবি করেছেন ছাত্রলীগের নেতারা। পরে সেটি মহাসড়ক হয়ে জোয়ারিয়ানালার দিকে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়।
শনিবার বিকালেই সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ঘোষণা দেন ছাত্রলীগের রামু উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক তারেক উদ্দিন মিশুক।
রোববার বিকালে তিনি ম্যাসেঞ্জারে বলেন, “রোববার সকাল সাড়ে ৭টার দিকে আমরা মিছিল করেছি। তখন রামুতে কোনো বৃষ্টি ছিল না। সকাল সাড়ে ৯টার পর বৃষ্টি শুরু হয়।”
তার দাবি, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। মিছিলে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহীন সরওয়ার কাজল ও সদস্য কাওসার সাকিবও নেতৃত্ব দেন।
তবে এই দাবির সঙ্গে একমত নয় পুলিশ।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “মোটরসাইকেলে করে নেতাকর্মীদের মিছিলটি আজকের নয়। আজ রামুতে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। কিন্তু ভিডিওতে আকাশ পরিষ্কার দেখা গেছে। এটি আগের কোনো সময়ের ভিডিও হতে পারে, যা আজকের বলে প্রচার করা হচ্ছে।”
পুলিশের এই বক্তব্যের বিপরীতে ভিন্ন তথ্য দিয়েছেন রামু উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম।
তিনি বলেন, “মিছিলটি যে এলাকায় হয়েছে, সেখানকার লোকজনের সঙ্গে কথা বলে আমি নিশ্চিত হয়েছি, এটি রোববার সকালের ঘটনা। নিষিদ্ধ সংগঠনের এই কর্মসূচির প্রতিবাদে আমরা ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করব।”
এদিকে, রামুর ঘটনার আগের দিন শনিবার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের উদ্যোগে একটি কর্মী সমাবেশের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
এই সমাবেশের প্রতিবাদে ওই দিন বিকালে পালংখালী স্টেশন এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেন এবং সমাবেশে অংশ নেওয়া ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।