সিরাজগঞ্জে কৃষক হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
২০২২ সালের ১০ অক্টোবর নিখোঁজের তিন দিন পর খালে কচুরিপানা দিয়ে ঢেকে রাখা সাইফুলের লাশ উদ্ধার করে পুলিশ।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষককে হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া মামলা থেকে খালাস পেয়েছেন একজন।
বৃহস্পতিবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কানিজ ফাতিমা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান আদালতের পেশকার মোহাম্মদ আলী।
দণ্ড পাওয়ারা হলেন- উপজেলার জয়ানপুর গ্রামের শাকিল শেখ (১৯), নায়েব আলী (৪০) এবং ঘুরকা গ্রামের আব্দুর রাজ্জাক (৪২)। খালাস পেয়েছেন শ্রী অন্তিম দাস।
মামলার বরাতে আদালতের পেশকার মোহাম্মদ আলী জানান, ২০২২ সালের ১০ অক্টোবর রাতে কৃষক সাইফুল ইসলাম তার স্ত্রী আলেয়া খাতুনকে নিয়ে বাড়ির পাশে চায়ের দোকানে যান। সাইফুলকে সেখান থেকে অন্তিম দাস ডেকে নিয়ে যাওয়ার পর নিখোঁজ হন তিনি।
স্বজনরা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ শাকিল শেখকে আটক করে। তার দেওয়া তথ্যে ১৩ অক্টোবর ঘুরকা খালে কচুরিপানা দিয়ে ঢেকে রাখা অবস্থায় সাইফুলের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সাইফুলের স্ত্রী আলেয়া খাতুন বাদী হয়ে চারজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন বলে জানান আদালতের পেশকার।
সাক্ষ্যগ্রহণ শেষে তিন আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও এক মাস কারাবাসে থাকতে হবে বলে জানান পেশকার মোহাম্মদ আলী।
অপর আসামি শ্রী অন্তিম দাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছে বলে জানান তিনি।
