অপারেশন ডেভিল হান্ট: ফেনীতে আওয়ামী লীগের আরও ৭ নেতাকর্মী গ্রেপ্তার
পুলিশ জানায়, এ নিয়ে গত ১৩ দিনে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফেনীতে অপারেশন ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত জেলার ছয় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান।
পুলিশ জানায়, এ নিয়ে গত ১৩ দিনে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের সত্যপুর গ্রামের মো. কামাল উদ্দিন ওরফে কামাল উদ্দিন মাস্টার (৪৬)। ফেনী পৌরসভার বারাহিপুর এলাকার মো. আবুল হাসেম ওরফে আবুল হোসেন (৫৩), সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মো. আরিফুল ইসলাম আরিফ (৩২), বালিগাঁও ইউনিয়নের বেতাগা গ্রামের মো. হাসান শরীফ (৩৩), ফাজিলপুর ইউনিয়নের মধ্যম শিবপুর গ্রামের আবুল কাশেম (৫৪), সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের কাতালিয়া গ্রামের আরাফাত হোসেন ইমন (২২) ও পরশুরাম উপজেলার অনন্তপুর গ্রামের আলী হোসেন ওরফে তপন। তারা সবাই আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিভিন্ন পদে রয়েছেন।
পরিদর্শক ইকবাল বলেন, গ্রেপ্তার সাতজনকে গত বছরের ৫ অগাস্টের পরবর্তী ফেনী মডেল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে সংগঠিত হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
