বরিশালে ঝড়ে নিখোঁজ ৩ জেলের লাশ উদ্ধার, আরও দুজনের খোঁজে তল্লাশি
বানারীপাড়ার সন্ধ্যা নদীতে মাছ ধরা নৌকা ডুবে নিখোঁজ দুই জেলের সন্ধান মেলেনি বলে পুলিশ জানিয়েছে।
বরিশালের হিজলা উপজেলায় মেঘনার শাখা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে নিখোঁজ তিন জেলের লাশ উদ্ধার হয়েছে।
হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল বলেন, সোমবার আলীগঞ্জ খেয়াঘাট এলাকায় ট্রলার ডুবে তিনজন নিখোঁজ হয়েছিলেন। মঙ্গলবার দিনে ও গভীর রাতে তাদের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
তারা হলেন- উপজেলার ধুলখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুর ইসলাম (৪৫), তার ছেলে মো. ইব্রাহিম (১২) এবং একই এলাকার বাসিন্দা হারুন বিশ্বাস (৪৫)।
এ ছাড়া মঙ্গলবার দুপুরে ঝড়ের কবলে পড়ে বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে একটি মাছ ধরা নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
হিজলা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল বলেন, সোমবার বিকাল ৩টার দিকে নিষিদ্ধ সময়ে মাছ শিকার বন্ধে প্রণোদনার দেওয়া চাল নিয়ে আলীগঞ্জ খেয়াঘাট থেকে একটি ট্রলার ধুলখোলার উদ্দেশে রওনা হয়। মেঘনার শাখা নদীর মাঝ বরাবর পৌঁছলে ঝড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় পাশ দিয়ে যাওয়া অপর একটি নৌকা পাঁচজনকে উদ্ধার করে। তবে বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ ছিলেন।
পরিদর্শক বলেন, তিনজনের লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান বলেন, “মঙ্গলবার দুপুরে সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে চাখার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আউয়াল হোসেনসহ দুজন নিখোঁজ হয় বলে জানতে পেরেছি। তাদের লাশ এখনও পাওয়া যায়নি।”
