২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে নতুন ১৩ বিভাগ যুক্ত করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ‘ইয়ুথ এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড স্টার্ট-আপ ফর স্টুডেন্টস’ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2026, 07:48 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ১৩টি বিভাগ যুক্ত করার আশ্বাস দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প) ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘ইয়ুথ এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড স্টার্ট-আপ ফর স্টুডেন্টস’ অনুষ্ঠানে এ আশ্বাস দেন তিনি।

মুক্তাদির বলেন, “শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ, শাহজালাল স্টাডিজসহ মোট ১৩টি নতুন বিভাগ চালু করতে চান উপাচার্য। এ ছাড়া পরিবহন সংকট নিরসনে নতুন বাস সংযোজন, একটি নতুন ছাত্র হল নির্মাণ, একটি সুইমিং পুল স্থাপনের কথা বলেছেন তিনি।

“আমি তাদেরকে আশ্বস্ত করে বলেছি, এসব উন্নয়ন উদ্যোগকে একটি সমন্বিত প্রকল্পের আওতায় এনে প্রস্তাব দেওয়ার জন্য। বর্তমান সরকার তা বাস্তবায়ন করবেন।”

“সিলেটের শাবিপ্রবি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় জেলার উন্নয়নে শক্তিশালী ‘নলেজ বেইজ’ হিসেবে কাজ করবে। সিলেট তো বটেই, বাংলাদেশ তথা সারা বিশ্বে এ দুটি প্রতিষ্ঠান সফলতার স্বাক্ষর রাখবে”, বলে যোগ করেন মন্ত্রী।

মুক্তাদির বলেন, “শিল্প মন্ত্রণালয় ও পাট মন্ত্রণালয়ের অধীনে যে কয়টি শিল্প প্রতিষ্ঠান আছে। সরকারি অথবা বেসরকারি তার যে কোনোটিতে আপনাদের শাবিপ্রবির কোনো ছাত্র-ছাত্রী যদি ইন্টার্ন করতে চান তাহলে আপনারা অগ্রাধিকার পাবেন।”

ইয়েস প্রোগ্রামে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শাবিপ্রবি রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির। এসএমই ফাউন্ডেশনের পক্ষে স্বাগত বক্তব্য দেন উপ-ব্যবস্থাপক ফারজানা খান।  

এ ছাড়া অনুষ্ঠানে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, আইসিটি বিভাগের আইডিয়া প্রজেক্টের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মর্তুজা জুলকার নাইন নোমান, বাংলাদেশ ব্যাংক সিলেট বিভাগের নির্বাহী পরিচালক খালেদ আহমেদ এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বক্তব্য দেন।

অনুষ্ঠান বাস্তবায়নে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে সহযোগিতায় ছিলেন শাবিপ্রবির ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব।’

অনুষ্ঠানে শাবিপ্রবি কোষাধ্যক্ষকে না রাখায় ক্ষোভ

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ইসমাঈল হোসেনকে অতিথি হিসেবে না রাখায় প্রশাসনিক প্রটোকল লঙ্ঘনের অভিযোগে তুলে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক-ইউটিএল।

এদিন দুপুরে ইউটিএলের আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল মামুন এবং সদস্যসচিব মো. জামাল উদ্দিনের স্বাক্ষরিত এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, “বিশ্ববিদ্যালয়ের কাঠামোগত প্রটোকল অনুযায়ী উপাচার্য, উপ-উপাচার্য এবং ট্রেজারার-এই তিনটি পদ প্রাতিষ্ঠানিক মর্যাদার অবিচ্ছেদ্য অংশ। 

“আমন্ত্রণপত্র সূচিতে এ প্রটোকল অনুসরণ না করা কেবল শিষ্টাচারের ব্যত্যয় নয় বরং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোর অবমাননার শামিল। এর আগে স্বাধীনতা দিবসের কর্মসূচিতেও একই ধরনের ঘটনা লক্ষ্য করা গেছে; যা কোনোভাবেই কাম্য নয়।”

“ইউটিএল মনে করে, বারবার একই ধরনের ভুল সংঘটিত হওয়া কোনো বিচ্ছিন্ন বিষয় নয় বরং এটি আয়োজক ও সংশ্লিষ্ট মহলের চরম সমন্বয়হীনতা ও দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ। বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ইতিহাসে এ ধরনের প্রথাভঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মর্যাদাকে ক্ষুণ্ণ করে।”

ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের যেকোনো অনুষ্ঠানে যথাযথ প্রটোকল নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক গরিমা অক্ষুণ্ণ রাখতে কর্তৃপক্ষকে আরও পেশাদার ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানায় সংগঠনটি।

ইউটিএলের সদস্যসচিব বলেন, “এ ধরনের প্রশাসনিক ডেকোরাম ভাঙ্গা দুঃখজনক। বিগত কয়েকটি প্রোগ্রামেও প্রশাসন এরকম করেছে।”

কোষাধ্যক্ষ অধ্যাপক ইসমাঈল হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ট্রেডিশন অনুযায়ী তো ভিসি, প্রো-ভিসির সঙ্গে ট্রেজারার অতিথি হিসেবে থাকে। একটা প্রোগ্রামে মিনিস্ট্রি আসবে, বাইরে থেকে অতিথি আসবে, কিন্তু আমাকে কেন রাখা হল না কর্তৃপক্ষ ভালো বলতে পারবে।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম বলেন, “প্রোগ্রাম আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন। এটা আমাদের নিজেদের কোনো প্রোগ্রাম না। কেন দাওয়াত দেয় নাই, সেটা তারা জানেন। তবুও আমি জিজ্ঞেস করেছি তাদেরকে। তারা বলেছে ক্লোজিং সেশনে রাখা হবে।”

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সরওয়ারউদ্দিন চৌধুরীকে একাধিক বার কল করা হলেও তিনি ফোন ধরেননি।