পাবনায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার
ডিবি পুলিশের ওপর আক্রমণ করে লোকজন তাকে ছিনিয়ে নিয়ে যায়।
পাবনার ফরিদপুরে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতাকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জেলা ডিবি, থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে পাবনা সদর থানার আলিয়া মাদ্রাসা মোড়ের অটোরিকশা স্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রাতে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান এসপি মোরতোজা আলী খাঁন।
গ্রেপ্তার আব্দুল জলিল (৪৪) জেলা পরিষদের সাবেক সদস্য ও ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক।
এসপি মোরতোজা আলী বলেন, “বিস্ফোরক মামলায় ফরিদপুর উপজেলা বেড়বাউলিয়া গ্রাম থেকে শুক্রবার ডিবি পুলিশ আব্দুল জলিলকে আটক করে। তখন তার সমর্থকরা ডিবি পুলিশের ওপর আক্রমণ করে তাদের অবরুদ্ধ করে রাখে।
একপর্যায়ে তারা তাদের হাতে থাকা বাঁশের লাঠি, কাঠের বাটাম, লোহার রড, হাসুয়া, হাতুড়ি, এসএস পাইপ ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ডিবি ও থানা পুলিশের সদস্যদের ওপর চড়াও হন।
তারা বাঁশের লাঠি ও ইট-পাটকেল দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে জলিলকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ৫ পুলিশ সদস্য জখম হন।
এ ঘটনার ফরিদপুর থানার এসআই মো. আল ইমরান বাদী হয়ে ফরিদপুর থানার মামলা করেন।
পরে জেলা ডিবি পুলিশ, ফরিদপুর থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে পাবনা সদর থানার আলিয়া মাদ্রাসা মোড়ের অটোরিকশা স্ট্যান্ড থেকে বৃহস্পতিবার বিকালে আব্দুল জলিলকে আবারও গ্রেপ্তার করা হয়।
