২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ট্রাকচাপায় বাইক আরোহী ২ কিশোরের মৃত্যু

বাসের ধাক্কায় পড়ে গেলে বিপরীত দিকের একটি ট্রাক তাদের চাপা দেয়, বলছে পুলিশ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2024, 12:07 AM

Updated : 26 Aug 2026, 10:15 AM

মানিকগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী সেতুর ওপর ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার জাগীরে এ ঘটনা ঘটে বলে গোলড়া হাইওয়ে থানার ওসি রুপল চন্দ্র দাস জানান।

নিহতরা হলেন- উপজেলার চরখণ্ড গোলড়া এলাকার জাহিদ হোসেনের ছেলে জাকির হোসেন (১৬) এবং একই এলাকার বাদশা মোল্লার ছেলে সায়েম মিয়া (১৫)।

ওসি রুপল চন্দ্র দাস বলেন, সেলফি পরিবহনের একটি বাস পাটুরিয়ার দিকে যাচ্ছিল। পথে ধলেশ্বরী সেতু অতিক্রম করার সময় বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে জাকির ও সায়েম পড়ে যায়।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই জাকির মারা যায়। আহত সায়েমকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থা রাতে সেও মারা যায়।

দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, ঘটনার সময় চালকের সহকারী ট্রাকটি চালাচ্ছিলেন। ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়েছে। এ ছাড়া বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি রুপল চন্দ্র দাস।