সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় বিএনপির ৬ নেতাকর্মী কারাগারে
এ ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজি ও মারধরের মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদাবাজির ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপির একাংশের নেতার্মীরা।
সোমবার দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান উল্লাপাড়া থানার ওসি এ এফ এম মনিরুজ্জামান।
চাঁদা দাবি ও মারধরের ঘটনায় আলাদা দুটি মামলা হয়েছে; একটির বাদী উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার।
গ্রেপ্তাররা হলেন- উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেন, ঝিকিরা মহল্লার বাসিন্দা যুবদল নেতা মো. আশিক, রবিউল ইসলাম, শাহাদত হোসেন, বিএনপি কর্মী মো. আব্দুল মোমেন এবং উল্লাপাড়া উপজেলা শ্রমিক দলের সহসভাপতি মমতাজ আলী।
মামলার বরাতে ওসি মনিরুজ্জামান বলেন, ২০ জুলাই উপজেলার পঞ্চকোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আলমগীর হোসেনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয়।
“পরে বিষয়টি নিয়ে আলমগীর হোসেনের ভাই বিএনপি নেতা জাহিদুল ইসলাম থানায় আসেন। সেই সময় থানা গেইটে তাকেও মারধর করে হত্যার হুমকি দেওয়া হয়।”
তিনি বলেন, এসব ঘটনায় রোববার সন্ধ্যায় আলমগীর হোসেন ও জাহিদুল ইসলাম বাদী হয়ে আলাদা দুটি মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আজাদ হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে চাঁদা দাবি ও মারধরের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিকালে সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা বেল্লাল হোসেনের নেতৃত্বে দলটির একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
