ফরিদপুরে ২ বাসের সংঘর্ষে তিন যাত্রী নিহত, আহত ১৫
বিআরটিসি ও শাহ ফরিদ পরিবহনের বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুটি বাসের মধ্যে সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার পূর্ব সদরদীর কৈডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ জানান।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান বলেন, বিআরটিসির বাসটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। আর শাহ ফরিদ পরিবহনের বাসটি মাদারীপুর থেকে ফরিদপুর যাচ্ছিল। পথে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। তিনজনই শাহ ফরিদ পরিবহনের যাত্রী। এ ছাড়া একজনের অবস্থা আশঙ্কাজনক।
ওসি আবু সাইদ বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে মরদেহ উদ্ধারের কাজ শুরু করে।
আহতদের ভাঙ্গা ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছেন।
