মানিকগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক
শিশুটি মায়ের কাছে ঘটনাটি খুলে বললে তার মা চেয়ারম্যানের কাছে যান। পরে চেয়ারম্যান পুলিশকে জানায়।
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবাকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার বানিয়াজুরী এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানান ঘিওর থানার ওসি মীর মাহবুবুর রহমান।
পুলিশ জানায়, আটক ব্যক্তি একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করেন। তিনি বানিয়াজুরী এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রী ও স্ত্রীর আগের ঘরের ১১ বছর বয়সী মেয়েকে নিয়ে থাকতেন।
বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু বলেন, রোববার সকালে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন তার মা। শিশুটি তার মাকে জানিয়েছে, এর আগেও পাঁচ থেকে ছয়বার তাকে একইভাবে ধর্ষণ করা হয়েছে। ভয়ভীতির কারণে এত দিন সে বিষয়টি গোপন রেখেছিল।
পরে শিশুটি সোমবার মায়ের কাছে ঘটনাটি খুলে বললে তিনি মেয়েকে নিয়ে ইউনিয়ন পরিষদে এসে চেয়ারম্যানকে ঘটনার কথা জানান।
পরে চেয়ারম্যান ঘিওর থানার ওসিকে জানালে ওই মিল শ্রমিককে আটক করে পুলিশ।
শিশুটির মা বলেন, “আমার স্বামী এমন কাজ করতে পারেন, তা কখনো ভাবিনি।”
ওসি মীর মাহবুবুর রহমান বলেন, শিশুটির চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
