নবাবগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ জনের মৃত্যু
এ ঘটনায় আহত একজনকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আহত একজনকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুল শিক্ষার্থীসহ প্রাণ গেছে দুইজনের; এতে আহত হয়েছেন আরও এক আরোহী।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার শোল্লা ইউনিয়নের খতিয়া সেতুতে এ ঘটনা ঘটে বলে জানান নবাবগঞ্জ থানার ওসি শাহ্ জালাল।
নিহতরা হলেন- ওই ইউনিয়নের রুপারচর গ্রামের এলাহি মোল্লার ছেলে মো. মালেক মোল্লা (৩০) এবং কৈলাইল ইউনিয়নের পূর্ব মেলেং গ্রামের মো. রিপন হোসেনের ছেলে মো. রিফাত হোসেন (১৬)।
রিফাত মেলেং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং মালেক পেশায় একজন কৃষক ছিলেন।
এ ঘটনায় রিফাতের সঙ্গী আহত উপজেলার শোল্লা ইউনিয়নের মদনমোহনপুর গ্রামের নুর ইসলামের ছেলে তামীমকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে রিফাত ও তামীম মোটরসাইকেলে করে নীলাম্বর পট্টির দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মালেকের মৃত্যু হয়। গুরুতর আহত হয় রিফাত ও তামীম।
স্থানীয়রা তাদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। আর তামীমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি শাহ্ জালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় নিহতদের পরিবার থেকে এখনও কেউ অভিযোগ করেননি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
