২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৪ বছরেও শেষ হয়নি কাজ, বৃষ্টি হলে শরীয়তপুর-ঢাকা মহাসড়কে দুর্ভোগ

সড়কটির দুই লেনে সম্প্রসারণ না হওয়ায় এতোদিন পরেও পদ্মা সেতুর পুরোপুরি সুফল থেকে বঞ্চিত হচ্ছে শরীয়তপুরবাসী।

সাড়ে ৪ বছরেও শেষ হয়নি কাজ, বৃষ্টি হলে শরীয়তপুর-ঢাকা মহাসড়কে দুর্ভোগ
বেহাল শরীয়তপুর-ঢাকা মহাসড়ক জুড়ে আছে বড় বড় গর্ত।

কে এম রায়হান কবীর

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2024, 09:23 AM

Updated : 26 Aug 2026, 11:03 AM

পদ্মা সেতু থেকে শরীয়তপুরের সংযোগ সড়ক সম্প্রসারণ প্রকল্পের কাজ দীর্ঘ সাড়ে চার বছরেও শেষ হয়নি। বরং কিছুটা কাজ করে ফেলে রাখায় সামান্য বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় সড়কটি জাজিরা থেকে নাওডোবা অংশ। এতে যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। 

একইসঙ্গে সরু সড়কটির দুই লেনে সম্প্রসারণ না হওয়ায় এতোদিনেও পদ্মা সেতুর পুরোপুরি সুফল থেকে বঞ্চিত হচ্ছে শরীয়তপুরবাসী। 

তবে সম্প্রতি সড়কটি পরিদর্শন শেষে দ্রুত কাজ শেষের জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন। 

তিনি বলেন, “এ সড়কটি জেলার জন্য লাইফ লাইন। মানুষের দুর্ভোগ লাঘবের জন্য এ কাজটি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নের চেষ্টা করছি। আশা করি, নির্ধারিত সময়সীমার মধ্যে কাজটি শেষ করতে পারব।” 

সড়ক বিভাগ সূত্রে জানা যায়, ২০১৯ সালে শরীয়তপুর সদর থেকে জাজিরা নাওডোবায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত পর্যন্ত ২৭ কিলোমিটার সড়কের কাজটি একনেক বৈঠকে অনুমোদন হয়। 

পরে ২০২১ সালে সড়ক ও জনপদ বিভাগ এ কাজের দরপত্র আহ্বান করে। পরে তিনটি প্যাকেজে সড়কটির কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবাল, মেসার্স সালেহ আহম্মেদ ও মীর হাবিবুল আলম জেবি মাহবুব ব্রাদার্স। 

এর মধ্যে শরীয়তপুর সদর থেকে জাজিরা কলেজ মোড় পর্যন্ত ১৩ কিলোমিটারের ১ নম্বর প্যাকেজের দায়িত্ব পায় মেসার্স সালেহ আহম্মেদ, জাজিরা কলেজ মোড় থেকে নওডোবা পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কের কাজ পায় জেবি মাহবুব ব্রাদার্স। 

এ ছাড়া কৃতিনাশা নদীর উপর কোটাপাড়া ব্রিজ এবং জাজিরার কাজিরহাট ব্রিজ নিয়ে দুই নম্বর প্যাকেজের দায়িত্ব পায় মেসার্স জামিল ইকবাল। 

এর মধ্যে ১ নম্বর ও ৩ নম্বর প্যাকেজে সড়কের জন্য ৩৭০ কোটি ৩ হাজার ৩১৬ টাকা এবং সেতু দুটির জন্য ৫৭ কোটি ৯৩ লাখ ৪৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

বর্তমানে ১ নম্বর প্যাকেজে ৭৫ শতাংশ এবং ২ নম্বর প্যাকেজে ৬৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলা সড়ক বিভাগ। 

তবে অগাস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পরে ঠিকাদার পালিয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় দুই নম্বর প্যাকেজে সেতু নির্মাণের কাজ। 

স্থানীয়রা বলছেন, বর্তমানে ২৭ কিলোমিটার এই সড়কের পুরোটাই খানা-খন্দকে ভরা। বিশেষ করে জাজিরা টিঅ্যান্ডটি মোড় থেকে নাওডোবা পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত পর্যন্ত সড়কে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। 

বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে ভাঙনের সৃষ্টি হয়ে বড় বড় গর্ত হয়ে গেছে। এর ফলে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। মাঝে মধ্যে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। 

স্থানীয় রুবেল মাদবর, আলী কাজি জানান, রাস্তা খারাপ থাকার কারণে মাত্র ২৭ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগে সাড়ে তিন থেকে চার ঘণ্টা। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ হয়েছে। মাঝেমধ্যে সামান্য কাজ হয়। সড়ক ও জনপথের তেমন তদারকিও দেখা যায় না।

শরীয়তপুর সদরের বাসিন্দা জসিম মীর বলেন, “পদ্মা সেতু থেকে আমাদের জেলা সবচেয়ে কাছে। কিন্তু দুর্ভোগটা আমাদেরই সবচেয়ে বেশি। দুই ঘণ্টার জায়গায় চার ঘণ্টা লাগে।”

“সংস্কারের জন্য সড়ক খুঁড়ে রাখায় ভোগান্তির মাত্রা আরও বেড়েছে। ভাঙা ও খানা-খন্দ মরণফাঁদ তৈরি করে রেখেছে। বৃষ্টি হলে ভোগান্তি বাড়ে কয়েকগুণ। বৃষ্টির পানি হলেই এসব গর্ত ভরে গিয়ে চলাচল প্রায় বন্ধ হয়েই যায়।” 

এই পথে চলাচলকারী বাস শরীয়তপুর সুপার সার্ভিসের মালিক রিপন খান বলেন, “দীর্ঘদিন ধরে কাজ ফেলে রাখায় আমাদের জ্বালানি খরচ বেড়ে গেছে, অন্যদিকে নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। এতে করে আমরা লোকসানের মুখে রয়েছি।”

এ অবস্থায় কাজের ধীরগতি ও দীর্ঘদিনে কাজ শেষ না হওয়ার অভিযোগ পেয়ে সোমবার সকালে শরীয়তপুরের জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন শরীয়তপুর-ঢাকা মহাসড়কটি পরিদর্শন করেছেন। 

এ সময় সঙ্গে ছিলেন শরীয়তপুর সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদুল আলম, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সফিকুল ইসলাম, বন কর্মকর্তা সালাউদ্দিন আহম্মেদসহ জেলা প্রশাসনের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিলতার কারণে সড়কটির নির্মাণ কাজ বিলম্বিত হচ্ছিল, যার কারণে মানুষের দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বর্তমানে আমরা সেই দুর্ভোগ কমানোর জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছি। 

“বন্ধ হওয়া সেতুর কাজও দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্বাহী প্রকোশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।” 

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন বলেন, “সড়ক নির্মাণে কাজে জমি অধিগ্রহণ জটিলতার কারণে কিছুটা সময় বেশি লেগেছে। সময়ের মধ্যে কাজ শেষ হবে।

“সেতু নির্মাণের ঠিকাদারের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়েছে। সাব-কন্ট্রাক্টের মাধ্যমে তারা দ্রুত সেতুর কাজ শেষ করবে বলে জানিয়েছি। আশা করি, নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে।”