Published : 12 Jul 2026, 09:53 PM
বন্যাদুর্গত মানুষের সহায়তায় নিজেদের বেতন থেকে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গাজীপুরের সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।
সিদ্ধান্ত অনুযায়ী, জেলার পাঁচটি সংসদীয় আসনের সংসদ সদস্যরা তাদের এক মাসের মূল বেতন এবং সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এক দিনের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেবেন।
জেলা প্রশাসক বলেন, বন্যাকবলিত মানুষের সহায়তায় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই উদ্যোগ একটি মানবিক ও দায়িত্বশীল পদক্ষেপ।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন প্রথমে নিজের এক মাসের মূল বেতন বন্যার্তদের সহায়তায় দেওয়ার ঘোষণা দেন। একইসঙ্গে তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও এক দিনের মূল বেতন দেওয়ার আহ্বান জানান।
পরে জেলা প্রশাসকসহ সভায় উপস্থিত সরকারি কর্মকর্তারা এ প্রস্তাবে সম্মতি জানান। সভায় উপস্থিত না থাকা গাজীপুরের অন্য চার সংসদ সদস্যকে মোবাইলে ফোন করে বিষয়টি বলার পর তারাও এ উদ্যোগে সম্মতি দেন বলে জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসন জানায়, তিন কর্মদিবসের মধ্যে জেলার সরকারি দপ্তরগুলো থেকে কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের মূল বেতনের টাকা সংগ্রহ করা হবে। পরে তা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হবে।
সভায় জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, মহানগর পুলিশ ও র্যাবের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।