২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে জুতা দিয়ে প্রাণী চিকিৎসককে মারধরের ভিডিও, ছাত্রদল নেতা বহিষ্কার

পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পশু চিকিৎসকের চেম্বারে হামলা চালানো হয় বলে অভিযোগ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2026, 10:19 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

ময়মনসিংহ নগরে একটি পশু চিকিৎসকের চেম্বারে ঢুকে তাকে জুতা দিয়ে মারধর, ভাঙচুর ও টাকা নিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে। 

এ ঘটনার সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহানগর ছাত্রদলের এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের জিলা স্কুলের পাশের একটি গলিতে ‘ডক্টরস পেট কেয়ার’ নামে চেম্বারে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন চিকিৎসক আশিকুর রহমান।

শনিবার কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেন তিনি। এতে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান প্রতীক, আফরিন রশিদ সেঁজুতি, সাকিবসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনের নাম রয়েছে বলে জানান থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।

সিসিটিভি ভিডিওতে দেখা যায়, এক নারী চেম্বারে ঢুকে জুতা খুলে চিকিৎসককে মারধর করছেন। পাশে দাঁড়িয়ে তালহাজুর রহমান মোবাইলে ঘটনা ভিডিও করছেন। পরে তাকেও চিকিৎসকের ওপর হামলা করতে দেখা যায়।

আশিকুর রহমানের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। বৃহস্পতিবার চেম্বারে এসে চাঁদার জন্য চাপ দেওয়া হলে তিনি প্রতিবাদ করেন। এরপর সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে তাকে লোহার রড দিয়ে মারধর করা হয়।

তাকে রক্ষা করতে এগিয়ে এলে চেম্বারের কর্মী ঈশান আহমেদ, তার স্ত্রী তাওহিয়া আক্তার এবং চিকিৎসকের স্ত্রী সাজনিন তাসনিন সিদ্দিকীকেও মারধর ও টানাহেঁচড়া করা হয় বলে অভিযোগ করেন আশিকুর।

তার দাবি, হামলার পর চেম্বারের ক্যাশ বাক্স থেকে তিন লাখ ২০ হাজার ১৫০ টাকা নিয়ে যাওয়া হয়। এ ছাড়া চেম্বারের মালামাল ভাঙচুর করে প্রায় এক লাখ ৮০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে।

অভিযোগের বিষয়ে সাকিবুল হাসান বলেন, ১৭ অগাস্ট একটি গর্ভবতী পারশিয়ান বিড়ালের ‘স্নো’ পরীক্ষার জন্য সেঁজুতি কেওয়াটখালীর ভেটেরিনারি চিকিৎসক আব্দুল হান্নানের কাছে রেখে যান। সেখানে বিড়ালটি মারা যায়। পরদিন ফোন করে তারা বিষয়টি জানতে পারেন।

সাকিবুলের দাবি, বিড়ালের মৃত্যুর ঘটনা নিয়ে ফেইসবুকে লেখালেখি হলে আশিকুর রহমান ভুয়া ফেইসবুকে আইডি থেকে সেঁজুতিকে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ কারণেই আশিকুরকে মারধর করা হয়েছে বলে দাবি করেন তিনি। 

এ ঘটনায় তারাও থানায় অভিযোগ করেছেন বলে জানান সাকিবুল।

তবে সাকিবুলদের কোনো অভিযোগ থানায় পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোষা প্রাণীর চিকিৎসা ও মৃত্যুকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওসি শিবিরুল ইসলাম বলেন, চিকিৎসক আশিকুর রহমানের অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজন চিকিৎসকের চেম্বারে গিয়ে তাকে মারধর কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে সিসিটিভি ভিডিও ছড়িয়ে পড়ার পর তালহাজুর রহমান প্রতীককে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়।