নোয়াখালীতে কারাফটকে আওয়ামী লীগ নেতাদের ‘ফুল দিয়ে বরণের চেষ্টা’, আটক ৪
পুলিশের ভাষ্য, বিভিন্ন এলাকা থেকে এসে তারা কারাগারের ফটকের সামনে ছবি তুলে শোডাউন করার প্রস্তুতি নিচ্ছিলেন।
নোয়াখালীর সদর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জামিনে মুক্তি পাওয়া নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করতে গিয়ে দলটির চার কর্মী আটক হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সুধারাম মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, রোববার বিকালে নোয়াখালী জেলা কারাগারের ফটক থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক ব্যাগ ফুলের মালা জব্দ করা হয়।
আটকরা হলেন- নোয়াখালী সদর উপজেলার পশ্চিম এওজবালিয়া গ্রামের শফি উল্যার ছেলে ছেরাজল হক চৌধুরী (৬৩), আজিজুল হকের ছেলে মেহেদী হাসান হৃদয় (২০), মো. বাহারের ছেলে মো. ফারুক হোসেন (১৮) এবং মো. খোকনের ছেলে মো. নাজিম (১৮)।
ওসি বলছেন, “আটক চারজনই আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।”
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৫ জুন জুমার নামাজ শেষে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে প্রায় তিন হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। ওই কর্মসূচির জের ধরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং পরে কয়েকটি স্থানে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
এসব ঘটনায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার তাদের মধ্যে চারজন জামিনে মুক্তি পান। এ খবরে এক ব্যাগ ফুলের মালা নিয়ে জেলা কারাগারের ফটকে অবস্থান নেন দলটির কর্মীরা। বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে ফুলের মালাসহ চারজনকে আটক করে পুলিশ।
ওসি নজরুল ইসলাম বলছেন, “জামিনে মুক্তি পাওয়া ব্যক্তিদের স্বজনেরা একটি ফুলের মালা নিয়ে আসতে পারেন। কিন্তু আটক ব্যক্তিরা এক ব্যাগ ফুলের মালা নিয়ে এসেছিলেন। তারা মুক্তি পাওয়া ব্যক্তিদের আত্মীয়-স্বজনও নন।”
তারা বিভিন্ন এলাকা থেকে এসে কারাগারের ফটকের সামনে ছবি তুলে শোডাউন করার প্রস্তুতি নিচ্ছিলেন বলে এ পুলিশ কর্মকর্তার ভাষ্য।
ওসি বলেন, “এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।”
