Published : 03 Jul 2026, 04:08 PM
গাইবান্ধায় পৌরসভার ময়লাবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে।
শুক্রবার দুপুরে জেলা শহরের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট সংলগ্ন এলাকার সাদুল্লাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান।
নিহত ৩৫ বছর বয়সী মাসুদ মিয়া শহরের জুম্মাপাড়া এলাকার বাসিন্দা।
মাসুদ শহরের ‘মিলন ফার্মেসির’ বিক্রয় সহকারী ছিলেন। পাশাপাশি গাইবান্ধা সদর উপজেলা মডেল মসজিদের খাদেম হিসেবেও কাজ করতেন।
পুলিশ ও এলাকাবাসী বলছে, মাসুদ মোটরসাইকেলে করে বাড়ি থেকে সদর উপজেলা মডেল মসজিদ যাচ্ছিলেন। পথে গাইবান্ধা পৌরসভার একটি ময়লাবাহী বিপরীতমুখী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি আব্দুল্লাহ আল মামুন।