‘আনারসে ভোট দিতে না চাইলে ঘরেই থাইকেন’
সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থীর সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর এক সমর্থকের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে গত শনিবার রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বির কাছে লিখিত অভিযোগ দেন ঘোড়া প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহফুজুর রহমান কালাম।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকায় আনাসর প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেন ওমরের একটি নির্বাচনি উঠানবৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রার্থী নিজে উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে মাইকে বক্তব্য দেওয়ার সময় স্থানীয় যুবক রাসেল উদ্দিনকে আনারসে ভোট না দিলে কেন্দ্রে না আসতে ভোটারদের হুমকি দিতে শোনা যায়।
রাসেল উদ্দিন নামে ওই সমর্থকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।
ভিডিওতে রাসেল উদ্দিনকে বলতে শোনা যায়, “এখানে (চর কিশোরগঞ্জে) আওয়ামী লীগের পক্ষ থেকে একজনই। সে হলো আনারসের বাবুল ওমর। এছাড়া যত মার্কা সব নৌকা ছিদ্র করার লাইগা। তো, দ্বিতীয় কোনো কথা চলবো না। চর কিশোরগঞ্জের সব ভোট আনারস। অন্য কোনো মার্কায় কোনো ভোট পড়ব না। পড়তে পারে দু-একটা।”
দশজনের মধ্যে দুএকটি ‘দুষ্টু গরু’ থাকে উল্লেখ করে তিনি বলেন, “তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আনারসে ভোট দিতে চান কেন্দ্রে আইসেন, না দিতে চাইলে ঘরেই থাইকেন। আপনাদের ভোটের দরকার নাই। সব ভোট আনারস।”
গত উপজেলা পরিষদ নির্বাচনে বাবুল হোসেন ওমর ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হন।
এদিকে, প্রার্থীর উপস্থিতিতে সমর্থকের এমন হুমকির পর চর কিশোরগঞ্জ এলাকায় জাল ভোট ও নাশকতার শঙ্কা প্রকাশ করে ওই এলাকায় সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহফুজুর রহমান কালাম।
আবেদনে কালাম বলেন, “চরকিশোরগঞ্জ অত্যন্ত দুর্গম একটি এলাকা। ওই কেন্দ্রে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সন্ত্রাসীদের মাধ্যমে শক্তি প্রদর্শন করে জাল ভোট এবং নাশকতামূলক কার্যক্রম চালানোর পরিকল্পনা নিয়েছেন। এরই মধ্যে আনারস প্রতীকের সমর্থক রাসেল উদ্দিন আনারস প্রতীকে ভোট না দিলে ভোটারদের কেন্দ্রে আসতে নিষেধ করেছেন। ফলে ওই এলাকার সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।”
সুষ্ঠু নির্বাচনের জন্য চর কিশোরগঞ্জ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন জানান তিনি।
এ বিষয়ে কথা বলতে আনারস প্রতীকের প্রার্থী বাবুল হোসেন ওমরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।
এদিকে, ভোটারদের কেন্দ্রে না আসতে নিষেধ করে সমর্থকের বক্তব্যের ঘটনায় প্রার্থী বাবুল ওমরকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা সাকিব আল রাব্বি বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটের দিন কোনো প্রকার বিশৃঙ্খলা দেখা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থীর সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
তবে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ও কার্যকরী সদস্য বাবুল হোসেন ওমরের মধ্যে মূল লড়াইয়ের সম্ভবনা তৈরি হয়েছে। বাকি দুই প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও সাধারণ সম্পাদক আলী হায়দার প্রচারণায় নেই।
