১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কুয়াশা: সাড়ে ৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চালু

দুর্ঘটনা এড়াতে নৌ-রুট গুলোতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 01:18 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

ঘন কুয়াশার কারণে সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে।

বুধবার বেলা পৌনে ১১টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে সীমিত সংখ্যক ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম।   

এর আগে ভোর থেকে নদী এলাকায় তীব্র কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ সকাল সোয়া ৬টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে বলে জানান তিনি। 

ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার বাসসহ শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।