২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০

সিরাজগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে লাগা এ সংঘর্ষে কয়েকটি দোকান ও বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০
সিরাজগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2024, 06:12 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

সিরাজগঞ্জ সদরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের আগে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়।

এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন; এ ছাড়া কয়েকটি দোকান ও বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার সয়দাবাদ ইউনিয়নে শিল্পপার্ক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সিরাজগঞ্জ সদর থানার এসআই মনিরুল ইসলাম।

আহতদের মধ্যে উপজেলার পঞ্চসোনা গ্রামের হেলালের ছেলে ফরহাদকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি সয়দাবাদ ইউনিয়নের পুনর্বাসন বড় মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। শনিবার খেলা চলাকালে মোহনপুর ও পঞ্চসোনা গ্রামাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ নিয়ে কয়েকদিন ধরে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা চলছিল। এর মধ্যে শহরে যাতায়াতের পথে পঞ্চসোনা গ্রামের কয়েকজনকে মোহনপুর গ্রামের লোকজন কয়েক দফায় মারধর করেন।

মঙ্গলবার সকালে মোহনপুর ও পঞ্চসোনা গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জমায়েত করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে ধাওয়া পাল্টা-ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, কয়েকটি দোকান ও বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হন। 

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিকালে এসআই মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।