Published : 22 Jul 2026, 04:15 PM
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৬ কেজি উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় দম্পতিসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে হরিপুর বাজার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ওই বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ জানিয়েছেন।
তিনি বলেন, “গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।”
গ্রেপ্তাররা হলেন- শিবগঞ্জ উপজেলার তেলকুপি বিশ্বাসটোলা গ্রামের মো. সুইট (২৪), তার স্ত্রী মমেনা খাতুন (২৪), আরগারা হাট কাশিয়াবাড়ি গ্রামের মো. মতিউর রহমান (৪০), তারাপুর পোড়াপাড়া সাহাপাড়ার মো. জিহাদ আলী (২০) এবং নতুন বারোরাশিয়া গ্রামের মো. অসীম আলী (২০)।
ডিএনসির চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “গোপন সংবাদে ঢাকা থেকে ছেড়ে আসা একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে তল্লাশি চালানো হয়। এ সময় পাঁচটি ট্রাভেল ব্যাগের ভেতরে স্কচটেপে মোড়ানো আটটি পোটলা থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার এবং এক দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।”
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তার ভাষ্য, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার সুইট কুমিল্লায় রাজমিস্ত্রির কাজ করার সুবাদে বিভিন্ন সময়ে চাঁপাইনবাবগঞ্জে গাঁজা পাঠাতেন।
“এবার তারা সংঘবদ্ধভাবে কুমিল্লা থেকে গাঁজার চালান এনে স্থানীয় মাদক কারবারিদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিলেন।”
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে মামলা দায়ের করা হয়েছে বলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানিয়েছেন।