‘নারায়ণগঞ্জ গোপালী দিয়া ভইরা গেছে’, তালিকা চাইলেন এমপি
নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান একথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশে কর্মরত গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চেয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখার সময় সংসদ সদস্য পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে এ তালিকা চান।
আজহারুল ইসলাম মান্নান বলেন, “একটা কথা বলতে গেলে এসপি সাহেবের উপরে পড়ে। তবু আমি বলি। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও বলব এই কথাটা। আজ আমি যাইতেছি ঢাকা। ৫ অগাস্টের আগে পুরো নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ‘গোপালী’ দিয়ে ভরে গিয়েছিল। এখনও আবার ঘুরেফিরে সেই গোপালী দিয়া ভইরা গেছে। পুরো নারায়ণগঞ্জ জেলা গোপালী দিয়া ভইরা গেছে।
“আইনশৃঙ্খলা কেমনে সুন্দর হবে? গোপালীরা কি আমাদের ভালো চাইবে? ভালো চাইবে না,” বলেন তিনি।
জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিও উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য বলেন, “এটার লিস্ট চাই আমরা। কার বাড়ি কোন দেশে, এই নারায়ণগঞ্জে কোন থানার মধ্যে কেডা আছে, এইটার লিস্ট চাই। তালিকা চাই আমরা। ঘুরেফিরে আবার ওই গোপালী দিয়ে ভরে গেছে পুরো নারায়ণগঞ্জ।”
আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি নদীপথে চাঁদাবাজির জন্য বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযোগ তুলেন।
বলেন, “মেঘনা বা বিভিন্ন নদী থেকে বালুর বাল্কহেডগুলো ঢোকার আগেই চাঁদাবাজি শুরু হয়ে যায়। আবার নাকি মোবাইলে চাঁদা দিয়ে দেয়, কেমনে দেয় জানি না। এইটার সঙ্গে বিআইডব্লিউটিএর অফিসাররাও জড়িত।”
নিজের নির্বাচনি এলাকা সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের জন্য তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তাদের অভিযুক্ত করে আজহারুল ইসলাম মান্নান বলেন, “সোনারগাঁয়ে ৬৫ হাজার গ্যাস লাইন অবৈধ। আওয়ামী লীগের আমলে এইসব অবৈধ গ্যাস সংযোগ সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজারে দেওয়া হইছে। অবৈধ গ্যাস লাইনের জন্য যদি মামলা দেওয়া হয় তাইলে তিতাস গ্যাসের কর্মকর্তাদের এক নম্বর আসামি করবেন, তাইলে দেখবেন সব কইমা গেছে।
“আমি কিন্তু সত্যি কথা, আমার থানায় অর্ডার দিয়া দিছি- যারা তিতাস গ্যাসের অফিসার যাইব, তাদের আগে পিটানোর জন্য। তারা অবৈধ সব কাজ করে।”
সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজী।
