জামালপুরে ট্রাক্টর চাপায় সাংবাদিক নিহত
রাস্তার পাশে বাইক থামিয়ে ফোনে কথা বলার সময় একটি ট্রাক্টর তাকে চাপা দেয়।
জামালপুরের মেলান্দহে ট্রাক্টর চাপায় স্থানীয় এক সাংবাদিক নিহত হয়েছেন।
বুধবার দুপুরে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের শাহজাদপুর খানবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে বলে মেলান্দহ থানার ওসি মাসুদুজ্জামান বলেন।
নিহত কুরবান আলী (৫৮) মেলান্দহ উপজেলার বীর হাতিজা গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে।
মেলান্দহের বাসিন্দা হলেও তিনি একটি জাতীয় পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি ও ইসলামপুর প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি ছিলেন।
পরিবার ও স্থানীয়রা জানান, মেলান্দহ উপজেলার শাহজাদপুর খানবাড়ী মোড়ে বাইক থামিয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন কুরবান আলী। তখন জামালপুরগামী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়।
গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মাসুদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
