খড়মপুর মাজারের দানবাক্সে সাত দিনে মিলল ১ কোটি তিন লাখ টাকা
ব্রাহ্মণবাড়িয়ার এ মাজারে টাকার পাশাপাশি বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রুপা পাওয়া গেছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শাহ সৈয়দ আহমেদ গেছুদারাজ (র.) প্রকাশ খড়মপুর মাজার শরীফের ওরস উপলক্ষে সাত দিনে দানবাক্স থেকে এক কোটি তিন লাখ টাকা পাওয়া গেছে।
এ ছাড়া বিভিন্ন বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ ও রুপা পাওয়া গেছে বলে জানিয়েছে মাজার কর্তৃপক্ষ।
সোমবার সকাল থেকে শুরু হয়ে মঙ্গলবার ভোররাত পর্যন্ত দানবাক্সগুলো খুলে গণনার কাজ চলে বলে জানিয়েছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া।
মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু বলেন, ভক্তদের দেওয়া টাকা সংশ্লিষ্ট ব্যাংক হিসাব নম্বরে জমা করার প্রক্রিয়া চলছে।
শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (র.) প্রকাশ শাহপীর কেল্লা শহীদ মাজারের সপ্তাহব্যাপী ওরস রোববার শেষ হয়েছে। ১০ অগাস্ট থেকে শুরু হয় ওরস। ১৪ অগাস্ট রাতে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। তবে ওরস উপলক্ষে মেলা অন্তত এক মাস থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ওরসকে কেন্দ্র করে প্রতিদিনই মাজারে হাজার হাজার ভক্তের সমাগম হয়। নৌপথের পাশাপাশি সড়ক ও রেলপথে ছুটে আসেন ভক্তরা। ওরস চলাকালে বিশেষ করে ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এ ওরস হাজার বছরের ঐতিহ্য। এ বছর রেকর্ড সংখ্যক ভক্তের সমাগম ঘটে।
