সরকার বিদ্যুতের বদলে হাতে হারিকেন-মোমবাতি দিয়েছে: হাসনাত
এনসিপি নেতা বলেন, আগে বিদ্যুৎ মানুষের বাড়িতে মাঝে মাঝে যেত, এখন বিদ্যুৎই মাঝে মাঝে আসে।
বিএনপি সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন-মোমবাতি তুলে দিয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপি দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
কুমিল্লা-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, “আগে বিদ্যুৎ মানুষের বাড়িতে মাঝে মাঝে যেত, এখন বিদ্যুৎই মাঝে মাঝে আসে। বিএনপি সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন ও মোমবাতি তুলে দিয়েছে।”
তিনি বলেন, “বিদ্যুৎমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেন, দেশে কোনো লোডশেডিং নেই। কিন্তু জনগণের মধ্যে গেলে তিনি বুঝতে পারবেন, অনেক এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না।”
শুক্রবার বিকালে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে তিনি এসব অভিযোগ করেন।
গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এ কর্মসূচি পালন করে নোয়াখালী জেলা এনসিপি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন ছিল মিডনাইট ইলেকশন। তখন ভোটের ফল প্রকাশের আগেই ভোট চুরি করা হয়েছিল। কিন্তু এবার আমরা নতুন ধরনের মেকানিজম দেখলাম। এবারও ভোট চুরি হয়েছে, তবে ফল প্রকাশের পরে।”
তার দাবি, “দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছিল। কিন্তু বিএনপি সেই ভোট চুরি করে ফেলেছে। জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, সেটা ভোটের ফল প্রকাশের আগে। জুলাইয়ের পরেও ভোট চুরি থেকে গেছে, সেটা দিনের আলোতে ফল প্রকাশের পরে হয়েছে।”
বিএনপির উদ্দেশে হাসনাত বলেন, “তরুণ প্রজন্মের বিপক্ষে গিয়ে দেশ পরিচালনা বা সংস্কার করা সম্ভব নয়। আপনারা যদি ভাবেন সংস্কার করতে পারবেন জনগণের বিপক্ষে গিয়ে- তাহলে আপনারা ভুল ভাবছেন।”
কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, “এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও একটি নতুন কর্মসংস্থান নিশ্চিত করা হয়নি।”
নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তিও দেখা যাচ্ছে না বলে দাবি করেন তিনি।
