১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রাকের চাকায় পিষ্ট মা, কোলের শিশু অক্ষত

দুই সন্তানকে নিয়ে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে নগরীর টেক্সটাইল এলাকায় বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মাসুমা খাতুন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2024, 05:03 PM

Updated : 26 Aug 2026, 11:09 AM

বরিশাল নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন মোটরসাইকেল আরোহী এক নারী। তার সঙ্গে পড়ে গেলেও অক্ষত আছে কোলে থাকা ১৩ মাস বয়সী মেয়েটি।  

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের বিপরীতে এ ঘটনা ঘটে বলে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির শিকদার জানিয়েছেন। 

নিহত মাসুমা খাতুন (২৮) নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কলসগ্রামের বাসিন্দা মো. মিজানুর রহমানের স্ত্রী। দুই সন্তানকে নিয়ে তিনি স্বামীর সঙ্গে মোটরসাইকেলে নগরীর টেক্সটাইল এলাকায় বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

মিজানুর রহমানের ভাতিজা আদনান অলি জানান, নথুল্লাবাদ বাস টার্মিনালের বিপরীতে পৌঁছুলে একটি রিকশার সঙ্গে তার চাচার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক এসে পিছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়।

“এতে ১৩ মাস বয়সী মেয়েকে নিয়ে চাচি মাসুমা খাতুন রাস্তায় পড়ে যায়। তখন ট্রাকটির চাকা চাচীর মাথা পিষে দেয়। এতে ঘটনাস্থলে চাচীর মৃত্যু হয়েছে। তবে শিশুটি অক্ষত রয়েছে।”

ওসি জাকির শিকদার বলেন, ঘটনার পর ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা ট্রাক ও চালক সাইফুল ইসলামকে আটক করে তাদের কাছে সোপর্দ করেছে।

নিহত নারীর লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান ওসি।