Published : 12 Aug 2026, 10:56 PM
মানিকগঞ্জের সিংগাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মকর্তাদের বহনকারী বাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আটকের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সিংগাইর থানায় আসেন। তারা পুলিশ প্রশাসনের সঙ্গে ঘটনার অগ্রগতির বিষয়ে আলোচনা করেন এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
পরে উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে তাদের আইনের আওতায় আনতে হবে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করতে হবে।
“আমরা পুলিশের কাজে আস্থা রাখতে চাই। এ বিষয়ে যেন আমাকে আর সিংগাইর থানায় আসতে না হয়, সেটিই আশা করি।”
পুলিশ কর্মকর্তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলেও আশা করেন তিনি।”
সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শারমিন, প্রক্টর অধ্যাপক আজম খান, অধ্যাপক নাসির উদ্দিন, সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ কমিশনার ফাহিম আসজাদ, সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম, ছাত্র সংসদের ভিপি রিয়াজুল ইসলাম।
পুলিশ ও শিক্ষার্থীরা জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাসটি সিংগাইরের দিকে যাওয়ার সময় ঢাকার হেমায়েতপুর এলাকায় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা যাত্রী মো. কাউসারের সঙ্গে বাসের যাত্রীদের কথা-কাটাকাটি হয়। কাউসার সিংগাইর উপজেলার ভূমদক্ষিণ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের ছেলে।
পরে বাসটি ভূমদক্ষিণ এলাকায় পৌঁছালে সেখানে কাউসার ও অজ্ঞাত আরও চার-পাঁচজন পাইপ দিয়ে হামলা চালায়। এ সময় বাসটির জানালার কাঁচ ভাঙচুর করা হয়।
হামলায় বাসে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিম্বি আক্তার, পূর্ণিমা আক্তারসহ আটজন আহত হন। আহতদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ।
আরও পড়ুন:
মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা-ভাঙচুর, আহত ৮