রাবি শিক্ষার্থীর ওপর হামলা: ৯ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে কাজলা গেইট সংলগ্ন ক্যান্টিনে খাবার খাওয়ার সময় ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে তিন শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটে।
‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়-রাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত বহিরাগতদের গ্রেপ্তার ও শাস্তিসহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন সহপাঠীরা।
বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা। পরে দুপুর ২টার দিকে প্রশাসনের আশ্বাসে নয় ঘণ্টা সময় বেঁধে দিয়ে অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা।
দাবিগুলো হলো- হামলায় জড়িত দোষীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত, দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কাজলা গেইটে পুলিশ ফাঁড়ির সদস্যদের জবাবদিহিতার আওতায় আনা এবং ক্যান্টিন কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ মুছে ফেলার কারণে কাজলা ক্যান্টিন বন্ধ করে দিতে হবে।
আন্দোলনকারী শিক্ষার্থী আসিফুর রহমান বলেন, “২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার না করলে আন্দোলন আরও কঠোর হবে। পুলিশ ফাঁড়ির পাশেই এমন ঘটনা ঘটল, অথচ তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি- এটা অগ্রহণযোগ্য।
“ক্যান্টিন কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ ডিলিট করেছে, তাই ক্যান্টিনটি বন্ধ করতে হবে। আর ১০ বার ফোন করার পরও রাকসুর ভিপি আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। তার এমন আচরণে আমরা নিন্দা জানাই।”
তিনি বলেন, “প্রশাসন আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। আমাদের বেঁধে দেওয়া দেওয়া ২৪ ঘণ্টার এখনও নয় ঘণ্টা বাকি আছে। এর মধ্যে সব দাবি মেনে নেওয়া না হলে আবার ঢাকা-রাজশাহী মহাসড়ক এবং রেলপথ অবরোধ করব।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করে অপরাধীদের ধরার চেষ্টা করছে। এসব বিষয়ে যথাযথ নিয়ম অনুসরণ করেই কাজ করতে হয়, পুলিশ ভুক্তভোগীদের মামলা নিয়ে তাদের কার্যক্রম চালাবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।
জনভোগান্তি এড়াতে মহাসড়ক অবরোধ স্থগিত করার বিষয়টি শিক্ষার্থীরা মেনে নিয়েছেন বলে জানান তিনি।
বুধবার রাত ১১টার দিকে ক্যাম্পাসের পাশে কাজলা গেইট সংলগ্ন কাজলা ক্যান্টিনে খাবার খাওয়ার সময় ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর দেশি অস্ত্র নিয়ে হামলা চালায় একদল লোক। এতে তিন শিক্ষার্থী আহত হন।
এ ঘটনায় তাৎক্ষণিক দোষীদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেইটে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামে আহত শিক্ষার্থীদের সহপাঠীরা।
আহতদের মধ্যে দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন।
তারা হলেন- ফিন্যান্স বিভাগের ২০২১-২১ শিক্ষাবর্ষের আল ফারাবী, ২০২৩-২৪ বর্ষের তাহমিদ আহমেদ বখশী এবং নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী মিনহাজ।
