১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে ঝগড়া থামানোর পর হামলায় আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিহতের ভাই জানান।

নরসিংদীতে ঝগড়া থামানোর পর হামলায় আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
প্রতীকি ছবি।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2025, 10:16 PM

Updated : 26 Aug 2026, 12:38 PM

নরসিংদীর রায়পুরায় ঝগড়া থামানোর পর এক পক্ষের হামলায় আহত হওয়ার পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এক এসএসসি পরীক্ষার্থী।

শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিহতের ভাই রাসেল মিয়া জানান। 

নিহত রাজন শিকদার (১৬) উপজেলার পাড়াতলী ইউনিয়নের আলীনগর এলাকার ফজলু মিয়ার ছেলে ও সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।  

এর আগে গত ২৭ এপ্রিল উপজেলার পাড়াতলী ইউনিয়নের আলীনগর এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ওইদিন এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফিরে বিকালে সহপাঠীদের সঙ্গে আলীনগর বাজার মোড়ে ক্যারাম খেলছিলেন রাজন শিকদার। তখন মধ্যনগরের জাহাঙ্গীর ও তার লোকজনের সঙ্গে ঝগড়া হয় বাঁশগাড়ী এলাকার এক অটোরিকশা চালকের। ঝগড়া থামাতে যান রাজনসহ আশপাশের লোকজন। পরে অটোরিকশা চালককে নিরাপদে বাড়ি পৌঁছে দেন তারা।

এ ঘটনার পর সন্ধ্যায় জাহাঙ্গীর ও তার লোকজন আলীনগরের একটি দোকানে হামলা চালায়। সেখানে রাজনকে বাঁশ দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে হামলাকারীরা। পরে রাজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে নেওয়া হলে শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

নিহতের ভাই রাসেল মিয়া বলেন, “হামলাকারীরা আমার ভাই রাজন শিকদারকে পিটিয়ে গুরুতর আহত করে। আমার বিকাশের দোকানেও হামলা চালায় তারা। দোকান ভাঙচুর করে এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়।”

ঘটনার পর জাহাঙ্গীর ও তার লোকজন আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, “একজন এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনার বিস্তারিত এখনো জানি না। নিহতের স্বজনরা থানায় যোগাযোগ করে অভিযোগ দেবেন বলে জানিয়েছেন।”