২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য নিহত, আহত ১২

এ ছাড়া প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে।

কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য নিহত, আহত ১২
প্রতীকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2024, 09:25 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

কুষ্টিয়া সদর উপজেলায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে এক ইউপি সদস্য নিহত হয়েছেন; এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১২ জন।

এ সময় প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে।

শনিবার সকালে উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের আসাননগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান।

নিহত মামুন (৩৮) গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য এবং মামুনের ছেলে। তারা বাবাও সাবেক ইউপি সদস্য।

আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

রাকিবুল হাসান বলেন, ওই গ্রামের বাসিন্দা ওহাব-গোলাপ পক্ষের সঙ্গে ইউপি সদস্য মামুন-ইয়াহিয়া পক্ষের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। মাঝেমধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতো। 

“সম্প্রতি ওহাবের পক্ষের সমর্থক কলিমুল্লাহকে কুপিয়ে জখমের অভিযোগ ওঠে মামুনের পক্ষের লোকজনের বিরুদ্ধে। কলিমুল্লাহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

“এ ঘটনার জেরে শুক্রবার সকাল থেকে দুই পক্ষের লোকজন আবার সংঘর্ষে জড়ান। কয়েক দফা সংঘর্ষের পর শনিবার সকালে প্রতিপক্ষের লোকজন ধারাল অস্ত্র দিয়ে মামুনকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই মামুন মারা যান।”

পুলিশ পরিদর্শক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। নিহত মামুনের পায়ে ও কোমরে জখমের চিহ্ন রয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান লাল্টু রহমান বলেন, এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়। মূলত গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটেছে।

পুলিশ পরিদর্শক রাকিবুল হাসান জানান, মামুনের মৃতদেহের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ফের প্রতিপক্ষের হামলা ও লুটপাটের ভয়ে গ্রাম ছেড়েছেন অনেকেই।