২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পানিতে ডুবে গেল ৩ শিশু-কিশোরের প্রাণ

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিহত দুই শিশুর পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জে পানিতে ডুবে গেল ৩ শিশু-কিশোরের প্রাণ
সিরাজগঞ্জ শহরের কাটাখালি নদ থেকে কিশোর রোমানের লাশ উদ্ধারের সময় জনতার ভিড়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2024, 10:53 PM

Updated : 26 Aug 2026, 09:57 AM

সিরাজগঞ্জ সদর ও চৌহালী উপজেলায় পানিতে ডুবে দুই শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে। 

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক আতাউর রহমান জানান, সোমবার দুপুর দেড়টার দিকে ৪-৫টি কিশোর কাটাখালি নদের বাহিরগোলা এলাকায় গোসলে নামে। তখন এক কিশোর পানিতে ডুবে যায়। খবর পেয়ে রাজশাহী থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার লাশ উদ্ধার করে। 

অন্যদিকে, সোমবার সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের যমুনা নদীতে ডুবে যায় এক শিশু। দুপুরের দিকে তার লাশ উদ্ধার করে স্বজনরা। 

এর আগে রোববার রাতে বাড়ির পাশে বন্যার পানি থেকে আরেক শিশুর লাশ উদ্ধার করেন স্বজনরা। 

নিহতরা হল- সিরাজগঞ্জ শহরের ব্যাপারীপাড়া মহল্লার সেলিম রেজার ছেলে রোমান (১৩), চৌহালি উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল গ্রামের বায়জিদের ছেলে কাউছার (৩) এবং একই উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের পশ্চিম কোদালিয়া গ্রামের মজনু মিয়ার ছেলে মাহিম হোসেন (৫)।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান, নিহত দুই শিশুর পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।