Published : 09 Sep 2026, 05:30 PM
বরিশাল নগরীর ময়লার স্তূপ থেকে আলাদা কাচের বোতলে রাখা দুটি ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১১টায় নতুন বাজার এলাকায় বনবিভাগের অফিসের সামনে থেকে ভ্রূণ দুইটি উদ্ধার করা হয় বলে কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানিয়েছেন।
পরিচ্ছন্নতাকর্মী জাকির বলেন, “ড্রেনের ময়লা সাফ করতে এসে আমরা কাচের বয়ামে দুটি বাচ্চা দেখতে পাই। একটি ছোট বয়ামে এবং আরেকটি বড়ো বোতলে পাই। এর মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে।”
“বিষয়টি সবাইকে জানাই। পরে পাশেই নতুন বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে সেগুলো উদ্ধার করে।”
ওসি আল মামুন উল ইসলাম বলেন, ভ্রূণ দুইটি দেখে একটি অপরিণত ও অন্যটি নবজাতক বলে মনে হচ্ছে। নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি বলতে পারব।
ঘটনার রহস্য উদ্ধারে কাজ করা হচ্ছে বলেও জানান ওসি।