নোয়াখালীতে দুই যমজ শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, কিশোর গ্রেপ্তার
ওই কিশোরকে আদালতের মাধ্যমে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।
নোয়াখালী কবিরহাট উপজেলায় ছয় বছর বয়সি যমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে; কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মামলার বিষয়টি জানান কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া।
এর আগে বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে নির্যাতিত শিশু দুটির মা মামলাটি করেন।
মামলার আসামি ১৬ বছর বয়সি কিশোরের বাড়ি একই এলাকায়।
ঘটনার পাঁচদিন পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ওসি শাহীন মিয়া বলেন, তখন মামলা না হওয়ায় রোববার আসামিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।
বুধবার করা নারী ও শিশু নির্যাতন মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হবে।
মামলার নথি থেকে জানা যায়, গত ২৫ মার্চ ছয় বছর বয়সি দুই যমজ বোন বাড়ির পাশে খেলছিল। তাদের বাবা ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন।
তখন একই এলাকার ওই কিশোর এক বোনকে পাশের বাড়ির একটি পরিত্যক্ত টিনশেড ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার শুরু করলে অন্য মেয়েটি বুঝতে পেরে তাদের মাকে গিয়ে বলে। মা এসে মেয়েকে উদ্ধার করেন।
মামলায় বলায় হয়, অন্য শিশিুটি জানায়, এর দুদিন আগে তার সঙ্গেও একই কাজ করেছে ওই কিশোর।
স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশু দুটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
